নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: দুর্গাপুজোর প্রাক্কালে খুদেদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ‘বিরাট কোহলি নয়াগ্রাম হেল্প ফাউন্ডেশন’। শনিবার মহালয়ার আবহে সংস্থার দ্বিতীয় বর্ষের পুজো উপহার হিসেবে নয়াগ্রাম ব্লকের পড়াসিয়া প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পড়াসিয়া গ্রামের প্রায় আশি জন শিশুর হাতে নতুন পোশাক তুলে দেন উদ্যোক্তারা। উৎসবের মরসুমে নতুন জামাকাপড় পেয়ে খুশিতে মেতে ওঠে এলাকার শিশুরা।
‘ওদের আনন্দই আমাদের খুশি’—এই অঙ্গীকার নিয়ে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গৃহশিক্ষিকা, বিশিষ্ট অতিথি সুমন মহাপাত্র এবং স্থানীয় সমাজসেবী তাপস মাইতি।
সংগঠনের সভাপতি অনিকেত আচার্য, সহ-সভাপতি কান্তিলাল বেরা এবং সম্পাদক পতীক পড়িয়ারীর উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। এ ছাড়াও আয়োজনে সক্রিয় ভূমিকা নেন সংস্থার সদস্য রাজু মহাকুল, শুভম পৈড়া, অবিনাশ পড়িয়ারি, সুব্রত সিংহ, কৃষ্ণেন্দু পড়িয়ারী, ললিত রয়, ডাক্তার অশোক মন্ডল, গুরুপ্রসাদ দাস এবং অভি পালুই। উদ্যোক্তারা জানান, পিছিয়ে পড়া এলাকার শিশুদের উৎসবের আনন্দে শামিল করতেই তাঁদের এই নিরবচ্ছিন্ন মানবিক প্রয়াস।









