লখনউ-হরদোই সীমান্তে মেগা বস্ত্র পার্ক, পানীয় জল ও নিকাশিতেও সায় যোগী মন্ত্রিসভার

লখনউ, ২৭ অক্টোবর:  শিল্পে বিপুল লগ্নি টানতে এবং নাগরিক পরিষেবা ঢেলে সাজাতে একগুচ্ছ বড় পদক্ষেপে সিলমোহর দিল উত্তরপ্রদেশ সরকার। লখনউ ও হরদোই জেলার সীমানায় ১ হাজার একর জমির ওপর ১ হাজার ৯৪৭ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্র) বস্ত্র পার্ক গড়ার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মেগা প্রকল্পের রূপায়ণকারী সংস্থা হিসেবে রামকি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে বেছে নেওয়া হয়। একই সঙ্গে লখনউ এবং বারাণসী শহরের পানীয় জল ও নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারে অম্রুত ২.০ প্রকল্পের অধীনে প্রায় ২ হাজার ৮৯৯ কোটি টাকার সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, এই মেগা বস্ত্র পার্ক তৈরি হলে দেশি-বিদেশি বিপুল বেসরকারি বিনিয়োগের পথ খুলবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। রাজ্যের তাঁতি, বস্ত্র উৎপাদক ও রফতানিকারকরা এর সুফল পাবেন। বস্ত্র ও হস্তশিল্প মন্ত্রী রাকেশ সচান জানিয়েছেন, মোট ব্যয়ের তিরিশ শতাংশ বা সর্বোচ্চ ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র ও রাজ্যের ৫১:৪৯ অংশীদারিত্বে গঠিত বিশেষ যৌথ সংস্থা ‘পিএম মিত্র পার্ক উত্তরপ্রদেশ লিমিটেড’-এর হাতে বছরে মাত্র এক টাকা একর প্রতি প্রতীকী ভাড়ায় ৯৯ বছরের জন্য ১ হাজার একর জমি লিজ দিয়েছে রাজ্য। পিপিপি মডেলে নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তরের (ডিবিএফওটি) ভিত্তিতে পাঁচ বছরে এই পার্ক তৈরি হবে এবং এর মেয়াদ থাকবে পঞ্চাশ বছর। কারখানার শেড, সাধারণ বয়লার, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার পাশাপাশি শূন্য দূষণযুক্ত বর্জ্য জল শোধন ও পুনর্ব্যবহার পরিকাঠামো থাকবে এখানে। এ ছাড়া মহিলা কর্মীদের জন্য হস্টেল, স্বাস্থ্য কেন্দ্র, দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং গুদামঘর গড়ে তোলা হবে। রাজ্য সরকার সরাসরি ছয় লেনের সংযোগকারী সড়ক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জল সরবরাহ করবে।

অন্য দিকে লখনউ ও বারাণসীতে নিকাশি ও পানীয় জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণে ছাড়পত্র মেলায় খুশি দুই প্রাচীন শহরের বাসিন্দারা। অর্থমন্ত্রী সুরেশ কুমার খন্না জানিয়েছেন, সাতটি প্রকল্পের জন্য মোট ব্যয়ের মধ্যে কেন্দ্র দেবে ৬৯৬ কোটি ৪২ লক্ষ টাকা, রাজ্য সরকারের অংশ ১ হাজার ৮৬৬ কোটি ৪০ লক্ষ টাকা এবং পুর সংস্থাগুলি দেবে ২২২ কোটি ৮৫ লক্ষ টাকা। বারাণসীর বরুণা পারের পুরনো অঞ্চল এবং নবগঠিত লহরতারা ও চিতাউইপুর এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়নে সাড়ে আট লক্ষ মানুষ এবং পানীয় জল প্রকল্পে সোয়া আট লক্ষ মানুষ উপকৃত হবেন। লখনউয়ের ক্ষেত্রে ঐশবাগ, আলম নগর ও কেশরীখেড়া ওয়ার্ডের প্রায় দেড় লক্ষেরও বেশি বাসিন্দা এই নয়া পানীয় জল প্রকল্পের আওতায় সরাসরি বিশুদ্ধ জল পাবেন।

Leave a Comment

আরও পড়ুন