নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ‘অরাজকতার অবসান চাই, গণতন্ত্রের সুরক্ষা চাই’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার গোপীবল্লভপুরে ‘ছাত্র হুঙ্কার’ পদযাত্রা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ দিন এই কর্মসূচির আয়োজন করে সংগঠনের ঝাড়গ্রাম জেলা শাখা।
মঙ্গলবার গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয় চত্বর থেকে এই প্রতিবাদী পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে গোপীবল্লভপুর বাজারে এসে শেষ হয়। পদযাত্রায় পা মেলান সংগঠনের বহু কর্মী ও সমর্থক।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সংগঠন সম্পাদক সঞ্জয় মল্লিক, বিভাগ প্রমুখ সুজিত মুদলি, বিভাগ সংযোজক বাপি দাস, জেলা প্রমুখ সৌমেন পাল, জেলা সংযোজক দেবাশিস মাহাত এবং কলেজ সভাপতি সুমনা সিংহ-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব।
সংগঠনের বিভাগ সংযোজক ও জেলা প্রমুখ স্পষ্ট জানান, গোপীবল্লভপুর থেকেই জেলায় আন্দোলনের সূচনা হল। আগামী দিনে জেলার কোথাও দেশের স্বার্থবিরোধী বা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না। দেশের স্বার্থ রক্ষায় অতীতেও যেমন ছাত্র সমাজ রাজপথে নেমেছে, পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে ঝাড়গ্রাম জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।









