পরনির্ভরতা কাটিয়ে নৌসেনাকে স্বাবলম্বী হতেই হবে: বার্তা অ্যাডমিরাল স্বামীনাথনের

নয়াদিল্লি: বহিরাগত শক্তির ওপর কোনো রকম নির্ভরতা না রেখে যুদ্ধ পরিচালনা, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা এবং দ্রুত অভিযোজন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনীকে পুরোপুরি আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। মঙ্গলবার একটি গবেষণা সংস্থার আয়োজিত জাতীয় প্রতিরক্ষা বিষয়ক এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, আত্মনির্ভরতার অর্থ কখনও বিচ্ছিন্নতা নয়। বরং এর মূল উদ্দেশ্য হলো বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে কোনো দুর্বল অবস্থানে না থেকে, পূর্ণ শক্তির জায়গা থেকে সহযোগিতা বজায় রাখা।

বর্তমান আন্তর্জাতিক অস্থিরতা ও সংঘাতের প্রসঙ্গ তুলে নৌসেনা প্রধান উল্লেখ করেন, পুরোনো ভূরাজনৈতিক বিভাজনগুলি নতুন করে মাথাচাড়া দিচ্ছে এবং রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সামরিক শক্তির ব্যবহার ক্রমেই স্বাভাবিক ও গ্রহণযোগ্য হয়ে উঠছে। ইউরোপের সাম্প্রতিক যুদ্ধের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে, যেকোনো বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের সময়ে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে সামরিক বাহিনীর সার্বিক প্রস্তুতিতে। এই কারণে একুশ শতকের নৌবাহিনীকে এমন এক সক্ষমতায় পৌঁছাতে হবে, যাতে বাইরে থেকে সাহায্য না পেয়েও নিজ দক্ষতায় সমস্ত অভিযান অব্যাহত রাখা সম্ভব হয়।

পাশাপাশি প্রযুক্তির সহজলভ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, আধুনিক ও বিধ্বংসী প্রযুক্তি এখন ভালো-মন্দ সব পক্ষেরই হাতের নাগালে চলে এসেছে। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সামরিক ব্যবস্থার সমস্ত দুর্বলতা দূর করা, গবেষণা ও উন্নয়নে ব্যয় বাড়ানো এবং নতুন প্রজন্মের প্রযুক্তিতে জোর দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে উদ্ভাবিত যেকোনো প্রযুক্তি যাতে দ্রুত যুদ্ধক্ষেত্রের কার্যকর শক্তিতে রূপান্তরিত করা যায়, সে বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।

Leave a Comment

আরও পড়ুন