শ্রীনগর: জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিল লাদাখ প্রশাসন। কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ওয়াংচুকের সংস্থা ‘হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস’-এর (এইচআইএএল) অধীনে ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’ চালু করার অভিযোগ তুলেছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।
লেহর তহসিলদার কার্যালয় থেকে গত পয়লা নভেম্বর জারি করা একটি নোটিসে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নোটিসটি পাঠানো হয়েছে ওই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গীতাঞ্জলি জে আংমোকে, যিনি সোনম ওয়াংচুকের স্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সাফ জানানো হয়েছে, বিচারাধীন মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ওই বিতর্কিত স্থানে যথাস্থাবস্থা বজায় রাখতে হবে এবং এমন কোনো পদক্ষেপ করা যাবে না যা আদালতের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফিয়াং অঞ্চলে গড়ে ওঠা ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের পরিচালন সমিতির সদস্যদের জন্য অনাপত্তিপত্র চেয়ে লেহর জেলা শাসকের কাছে গত ২২ সেপ্টেম্বর একটি আবেদন জমা পড়েছিল। কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় ছাড়পত্র বা চূড়ান্ত অনুমতি পাওয়ার আগেই বিদ্যালয়টিতে পঠনপাঠন এবং অন্যান্য কাজকর্ম শুরু করে দেওয়া হয়।
এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত বছর আগস্ট মাসে। ওয়াংচুকের প্রতিষ্ঠানটিকে যে জমি বরাদ্দ করা হয়েছিল, তা বাতিল করে দেয় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে প্রতিষ্ঠানটি, যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলা চলাকালীন নতুন করে স্কুল চালু করায় এবার আইনি ও প্রশাসনিক বিধিনিষেধ জারি করল প্রশাসন।









