নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার পরবর্তী শুনানির দিন আগামী বছরের ২১ জানুয়ারি ধার্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানির এই নির্দেশ দেয়। একই সঙ্গে সমস্ত পক্ষকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার প্রয়োজনীয় লিখিত বয়ান ও নথি জমা দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানায়, যে সমস্ত আবেদনকারী পূর্বে মধ্যবর্তী আবেদন (ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন) দায়ের করেছিলেন, তাঁদের আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিট পিটিশন দাখিলের অনুমতি দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত সমস্ত নথির প্রতিলিপি নোডাল আইনজীবীকে দিতে হবে, যিনি যাবতীয় রায় ও নথি একত্রিত করে একটি সংকলন তৈরি করবেন। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সেই লিখিত বক্তব্যের জবাব দেবেন।
শুনানি চলাকালীন নোডাল আইনজীবী আদালতকে জানান, পূর্বে পাঁচটি প্রধান আবেদন চিহ্নিত করা হয়েছিল এবং বাকি ১৩৫টি আবেদনকে মধ্যবর্তী আবেদন হিসেবে গ্রহণ করা হয়েছিল। কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার বিপুল বহর সামাল দিতে পূর্ববর্তী সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে সওয়াল করেন।
উল্লেখ্য, সংসদের উভয় কক্ষে দীর্ঘ বিতর্কের পর রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত হয়েছিল এই ওয়াকফ সংশোধনী বিল। আইনটি কার্যকর হওয়ার পর গত বছর শীর্ষ আদালত পুরো আইনের ওপর স্থগিতাদেশ না দিলেও বেশ কিছু বিতর্কিত ধারার প্রয়োগ সাময়িক ভাবে আটকে দেয়। যার মধ্যে অন্যতম ছিল— অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করলেই কেবল ওয়াকফ তৈরি করা যাবে— এই শর্তটি। রাজ্য সরকারগুলি এই সংক্রান্ত বিধি প্রণয়ন না করা পর্যন্ত ওই ধারার প্রয়োগ স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যের সংখ্যা চারের বেশি এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে তিনের বেশি রাখা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কোনো সম্পত্তিকে সরাসরি ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা যাবে না— এই ধারার ওপরেও আদালতের দেওয়া স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। এবার সেই সমস্ত মূল আইনি প্রশ্নেরই চূড়ান্ত পরীক্ষা হবে আগামী বছরের গোড়ায়।









