নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত মাসে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধীদের প্রতিবাদী পদযাত্রাকে কেন্দ্র করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধীর জবাব চাইল শীর্ষ আদালত। এই মিছিলে বিপুল জমায়েতের ফলে আদালতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং এক তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলা সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২৩ নভেম্বর। আইনজীবী দিগন্ত মিশ্রের নেতৃত্বে একদল আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত চত্বর ও তার সংলগ্ন এলাকায় মিছিল, প্রতিবাদ ও জমায়েত নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গত ১২ অক্টোবর বিরোধীদের মিছিল শীর্ষ আদালতের প্রাঙ্গণে ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তের আবেদনও জানান তিনি। অন্যদিকে রাহুল ও খাড়গের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, দ্রুত তাঁদের পক্ষ থেকে হলফনামা দিয়ে জবাব জমা দেওয়া হবে এবং শুনানি শুরুর আগে ভিত্তিহীন মন্তব্য করা থেকে বিরত থাকার আর্জি জানান। কেন্দ্র, দিল্লি পুলিশ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও এই মামলায় পক্ষ করা হয়েছে।









