ব্যাঙ্কে টিপসই চলে, রেশনে চলে না, দেড় বছর রেশনহীন জন্মান্ধ মল্লিকা

সুনীপম মহাকুল, নয়াগ্রাম, ৭ নভেম্বর: আধার কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ডও আছে। প্রতি মাসে ব্যাঙ্কে গিয়ে কালির প্যাডে টিপসই দিয়ে প্রতিবন্ধী ভাতার দেড় হাজার টাকাও তুলতে পারেন। তবু প্রায় দেড় বছর ধরে সরকারি রেশন পাচ্ছেন না নয়াগ্রাম ব্লকের বাছুরখোয়ার গ্রামের বাসিন্দা মল্লিকা বেরা। কারণ, রেশন দোকানের ই-পস মেশিনে তাঁর আঙুলের ছাপ মেলে না। বত্রিশ বছর বয়সি মল্লিকা জন্মান্ধ।

দেড় বছর আগেও তাঁর রেশন চালু ছিল। পরিবারের দাবি, হঠাৎ বায়োমেট্রিক না মেলার কারণ দেখিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। সমস্যা মেটাতে বহু কষ্টে কলকাতা গিয়ে আধার ও বায়োমেট্রিক আপডেটও করিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও সুরাহা হয়নি।

মল্লিকা অবিবাহিতা, আর্থিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল বৃদ্ধ বাবা-মায়ের উপর। বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন, কানেও প্রায় শুনতে পান না। মা-ও বয়সের ভারে ন্যুব্জ। জানা গিয়েছে, আগে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন মল্লিকা। কিন্তু এখন রেশনের পাশাপাশি নতুন চালু হওয়া ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ থেকেও তিনি বঞ্চিত।

প্রশ্ন উঠছে রেশন ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুড়াকাটি শাখায় বায়োমেট্রিক ব্যবস্থায় মল্লিকার আঙুলের ছাপ কাজ করার কথা নয়। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ কালির টিপসই নিয়েই তাঁকে টাকা তোলার সুযোগ দেন। অথচ রেশন ব্যবস্থায় সেই বিকল্প মেলেনি।

পরিবারের তরফে ব্লক প্রশাসন ও বিডিও অফিসে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ, প্রশাসন কোনও বিকল্প ব্যবস্থা করেনি। ফোনে যোগাযোগ করা হলে স্থানীয় রেশন ডিলারেরা দায় অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এতে তাঁদের কোনও গাফিলতি নেই। প্রযুক্তিগত এই সমস্যার জন্য দায়ী খাদ্য দপ্তর।

Leave a Comment

আরও পড়ুন