ওয়াশিংটন, ৭ নভেম্বর: ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের একাধিক ভারতীয়-আমেরিকান সদস্য, উদ্যোগপতি এবং শীর্ষ সংস্থার প্রধান নির্বাহী, যাঁদের মধ্যে ছিলেন মাইক্রন টেকনোলজির সঞ্জয় মেহরোত্রা।
শুক্রবারের অনুষ্ঠানে আরও ছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন ক্বাত্রা, বিখ্যাত শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআই ডিরেক্টর কাশ পটেল এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য।
অনুষ্ঠানের সূচনা হয় ওভাল অফিসে ট্রাম্পের প্রদীপ জ্বালানোর মাধ্যমে। ঘরোয়া ওই সমাবেশে ছিলেন বিদেশসচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী।
আরও উপস্থিত ছিলেন ধাল্লা গ্রুপ অফ কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও রুবি ধাল্লা, নাক সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব শর্মা, কেশবম ডিসি-র প্রেসিডেন্ট বিশ্বজিৎ মাল্লামপাটি এবং প্রেসিডেন্টের অতিথি হেতলকুমার পটেল। হোয়াইট হাউসের ইভেন্টস আশার অরবিন্দ চাড্ডাও ছিলেন।
জিওকিউআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও সিইও গোন্ডাল এক্স-এ লেখেন, “ওভাল অফিসে ভাগ করে নেওয়া আলোর মুহূর্ত।” তিনি আরও লেখেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে সম্মানিত, আর গর্বিত তাঁকে হনুমান চালিসার একটি কপি উপহার দিতে পেরে। তুলসীদাসের লেখা এই স্তোত্র লক্ষ লক্ষ মানুষ সাহস, ভক্তি ও শক্তির জন্য আবৃত্তি করেন।”
উদযাপনের ছবি শেয়ার করে গোন্ডাল জানান, প্রদীপ জ্বালানোর সময় তাঁর প্রার্থনা ছিল ভারত ও আমেরিকার বন্ধুত্ব এবং অন্ধকারের উপর আলোর জয়।
হোয়াইট হাউসে দীপাবলি পালনের প্রথা শুরু করেছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ২০০৩ সালে। আগে অনুষ্ঠানগুলি মূলত আইজেনহাওয়ার এগজিকিউটিভ অফিস বিল্ডিংয়ে হত, উপস্থিত থাকতেন ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সদস্য ও ভারতীয় কূটনীতিকেরা। ২০০৯ সালে প্রেসিডেন্ট বরাক ওবামা প্রথম হোয়াইট হাউসের ইস্ট রুমের এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালান। তার পর থেকে ওভাল অফিস ও রুজভেল্ট রুম-সহ হোয়াইট হাউসের নানা জায়গায় প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান হয়েছে।









