হরাইজন ইউরোপে ঢুকছে ভারত, ৯৩.৫ বিলিয়ন ইউরোর গবেষণা-মঞ্চে জায়গা

নয়াদিল্লি, ৭ নভেম্বর: ইউরোপীয় ইউনিয়নের ৯৩.৫ বিলিয়ন ইউরোর প্রধান গবেষণা ও উদ্ভাবন কর্মসূচি ‘হরাইজন ইউরোপ’-এ ভারতের সহযোগী সদস্যপদ নিয়ে আলোচনা শেষ করেছে ভারত ও ইইউ। ফলে দুই পক্ষের বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের আওতায় সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার পথ খুলল। ইউরোপীয় কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন আর কয়েক সপ্তাহের মধ্যে ভারত ও ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন এক যুগান্তকারী মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছে। ‘সব চুক্তির জননী’ বলে বর্ণিত ওই চুক্তির মাধ্যমে তৈরি হবে দুই বিলিয়ন মানুষের বাজার।

ইইউ-র বক্তব্য, এটি ইউরোপ-ভারত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বৈজ্ঞানিক সহযোগিতা মজবুত করবে, গবেষণায় নতুন সুযোগ তৈরি করবে এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করবে। হরাইজন প্রকল্পে ভারতের যুক্ত হওয়াকে আগামী পাঁচ বছরের জন্য দুই পক্ষের সামগ্রিক কৌশলগত কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইইউ জানিয়েছে, ইউরোপজুড়ে গবেষক, ব্যবসা ও গবেষণা সংস্থাগুলির জন্য ভারতের এই যুক্ত হওয়া ভারতীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার সুযোগ বাড়াবে এবং স্থায়ী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সংযোগ গড়ে তুলবে। চুক্তি স্বাক্ষর এবং দু’পক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ভারতের গবেষক ও সংস্থাগুলি সরাসরি হরাইজন ইউরোপের তহবিল পাবে। ভারতীয়রা নেতৃত্ব দিতে পারবে এর দ্বিতীয় স্তম্ভ, অর্থাৎ ‘গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস’-এর আওতায় সহযোগিতামূলক প্রকল্পগুলির।

এটিই কর্মসূচির সবচেয়ে বড় অংশ, যা স্বাস্থ্য, ডিজিটাল, শিল্প, মহাকাশ, জলবায়ু, জ্বালানি ও জৈব-অর্থনীতির মতো সামাজিক ও প্রযুক্তিগত সমস্যা নিয়ে বহু দেশের সহযোগিতামূলক গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে অর্থ জোগায়। ইইউ-র মতে, এর ফলে ইউরোপীয় ও ভারতীয় অংশীদারেরা দক্ষতা একত্র করা, প্রযুক্তি গড়া এবং যৌথ সমস্যা মোকাবিলার নতুন সুযোগ পাবে।

Leave a Comment

আরও পড়ুন