নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম, ১৩ নভেম্বর: ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা কোর কমিটির গঠনে ভারসাম্য আনার দাবি উঠল। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলার সাংগঠনিক পরিকাঠামো নিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনিমেষ পাত্র নামে এক ব্যক্তি। তাঁর মতে, জেলার কোর কমিটিতে নির্দিষ্ট কয়েকটি এলাকার আধিক্য না রেখে প্রতিটি মণ্ডল থেকে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
ফেসবুকে প্রকাশিত ওই পোস্টে অনিমেষ পাত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঝাড়গ্রাম জেলার সংগঠনকে মজবুত করতে হলে সবার আগে প্রত্যেকটি মণ্ডল থেকে একজন করে প্রতিনিধিকে জেলার কোর কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমান সাংগঠনিক বিন্যাসের প্রতি ইঙ্গিত করে তিনি ক্ষোভের সুরে লেখেন, কেবল ঝাড়গ্রাম টাউন থেকে ৪ জন এবং মানিকপাড়া থেকে ৩ জন করে সদস্য কোর কমিটির মধ্যে থাকলে সংগঠনের প্রকৃত শক্তি বৃদ্ধি পাবে না।
অনিমেষ পাত্রের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই স্থানীয় স্তরে ও সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। গ্রামীণ ও প্রান্তিক স্তরের কর্মীদের গুরুত্ব বাড়াতেই যে এই দাবি তোলা হয়েছে, পোস্টের বয়ানে তা স্পষ্ট। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট দলের জেলা নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









