সুনীপম মহাকুল: আগামী কয়েক দশক জুড়ে ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবেই থাকবে, তবে দেশের ধর্মীয় জনবিন্যাসে ধীরে ধীরে পরিবর্তন আসবে। আন্তর্জাতিক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর এক নতুন সমীক্ষায় এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনসংখ্যার গতিপ্রকৃতি নিয়ে তৈরি এই প্রতিবেদনে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে ভারতের মোট জনসংখ্যার ৭৬ শতাংশ হবেন হিন্দু, যা ২০২০ সালে ছিল ৭৯ শতাংশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছাবে।
বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য এবং সাতটি ধর্মীয় গোষ্ঠীর ২০২০ থেকে ২০৭০ সালের জনসংখ্যাতাত্ত্বিক প্রবণতা বিশ্লেষণ করে এই সমীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ধারা বজায় থাকলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা আরও ১৭ কোটি ৬০ লক্ষ বাড়বে এবং দেশের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি অংশই থাকবেন হিন্দুরা। পাশাপাশি, ২০৭০ সালের মধ্যে প্রায় ৩৩ কোটি ৪০ লক্ষ মুসলিম জনসংখ্যা নিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশে পরিণত হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের ধর্মীয় জনবিন্যাসের এই পরিবর্তনের মূল কারণ ধর্মান্তকরণ নয়, বরং দুই সম্প্রদায়ের গড় বয়স এবং প্রজনন হারের (ফার্টিলিটি রেট) পার্থক্য। ২০২০ সালের তথ্য অনুযায়ী, ভারতে মুসলিমদের গড় বয়স ছিল ২৪ বছর এবং হিন্দুদের ২৯ বছর। পিউ রিসার্চের অনুমান, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম মহিলাদের গড় সন্তান সংখ্যা হতে পারে ২.৩, যেখানে হিন্দু মহিলাদের ক্ষেত্রে তা ১.৮।
পিউ রিসার্চ সেন্টারের গবেষক স্টেফানি ক্র্যামার জানিয়েছেন, ১৯৯২ সালে হিন্দু ও মুসলিম মহিলাদের প্রজনন হারের ব্যবধান যেখানে একজনের বেশি সন্তানের ছিল, সাম্প্রতিক বছরগুলোতে তা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং আগামী দিনে এই ব্যবধান আরও কমবে। তবে হিন্দুদের প্রজনন হার ইতিমধ্যেই জনসংখ্যা স্থিতিশীল রাখার স্তরের (রিপ্লেসমেন্ট লেভেল) নীচে নেমে গিয়েছে, আর মুসলিমদের ক্ষেত্রে তা আগামী আরও দুই দশক ওই স্তরের উপরে থাকতে পারে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জনসংখ্যাতত্ত্ববিদ কে এস জেমস জানান, সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই প্রজনন হার কমছে এবং শেষ পর্যন্ত উভয় সম্প্রদায়ের হার একই জায়গায় এসে মিলবে। জনসংখ্যাতত্ত্ববিদদের মতে, ভারতে মুসলিম জনসংখ্যা হিন্দুদের ছাপিয়ে যাবে—এমন দাবির কোনো ভিত্তি এই সমীক্ষায় নেই।
দক্ষিণ এশিয়া ও বিশ্বের ধর্মীয় চিত্র
সমীক্ষায় দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনের চিত্রও উঠে এসেছে:
* দক্ষিণ এশিয়া: ২০৭০ সালের মধ্যে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লক্ষে পৌঁছাবে এবং ইন্দোনেশিয়াকে টপকে দেশটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে। ভারতের পর বাংলাদেশেও মুসলিম জনসংখ্যা বেড়ে ২১ কোটি ৮০ লক্ষ হবে বলে অনুমান। তবে ভারত ও নেপালই বিশ্বের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে থাকবে।
* বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী: ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে পারে। ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২০২ কোটি থেকে বেড়ে ৩৬৪ কোটি (মোট মানবজাতির ৩৬ শতাংশ) হতে পারে। সেই তুলনায় খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা থাকবে ৩০০ কোটির কিছুটা নীচে।
* আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা: খ্রিস্টান জনসংখ্যার কেন্দ্রবিন্দু ইউরোপ ও আমেরিকা থেকে সরে সাব-সাহারান আফ্রিকায় চলে যাচ্ছে। ২০৭০ সালে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিস্টান সেখানে বসবাস করবেন এবং আমেরিকাকে ছাড়িয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হবে বৃহত্তম খ্রিস্টান জনসংখ্যার দেশ। ইউরোপে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার ভাগ ২২ শতাংশ থেকে কমে ১১ শতাংশে নামতে পারে। ২০৬৫ সালের মধ্যে আমেরিকা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, তবে অভিবাসনের ফলে ২০৭০ সালের মধ্যে দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশে পরিণত হবে।
* ধর্মহীন জনসংখ্যা ও বৌদ্ধ ধর্ম: ২০৭০ সালের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ায় কোনো ধর্মে বিশ্বাস না করা মানুষের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হতে পারে এবং অস্ট্রেলিয়ায় তাঁরাই হবেন বৃহত্তম গোষ্ঠী। তবে চিনের জনসংখ্যা হ্রাসের কারণে বিশ্বজুড়ে ধর্মহীন মানুষের হার ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসবে। এছাড়া চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা অর্ধেকের বেশি কমে যাওয়ার পাশাপাশি লাওস ও মঙ্গোলিয়া বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, প্রজনন হার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের সাম্প্রতিক ধারা অপরিবর্তিত থাকবে ধরে নিয়েই এই অনুমান করা হয়েছে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা আর্থ-সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলো এতে যুক্ত করা হয়নি। এছাড়া ভারতের জনগণনা পিছিয়ে যাওয়ায় ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতেই ২০২০ সালের প্রাথমিক পরিসংখ্যান হিসাব করা হয়েছে।









