রাস্তার গর্ত চিহ্নিত করা থেকে জমির নথি যাচাই—ভারতের দৈনন্দিন সমস্যা সমাধানে এআই স্টার্ট-আপ

মুম্বই, ১৯ নভেম্বর: রাস্তার ভাঙাচোরা অবস্থা চিহ্নিত করা, জমির জটিল নথিপত্র যাচাই এবং সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সহায়তা—দেশের বিভিন্ন পরিকাঠামোগত ও দৈনন্দিন সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে ভারতের একগুচ্ছ স্টার্ট-আপ। আমেরিকা ও চিন যেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ ভাষাভিত্তিক মডেল তৈরির গবেষণায় এগিয়ে রয়েছে, সেখানে ভারতের এআই সংস্থাগুলো মূলত ডেটা সেন্টার পরিকাঠামো এবং সাধারণ মানুষের ব্যবহারিক অ্যাপ্লিকেশন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে।

২০২০ সালে পারিবারিক জমির বিবাদ মেটাতে আমেরিকার শিকাগো থেকে চেন্নাইয়ে এসেছিলেন সঞ্জয় মান্দাভা। জমির মালিকানা প্রমাণ করতে শুধু বিক্রয় দলিল যথেষ্ট ছিল না; তাঁকে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরে বাড়ি তৈরির শংসাপত্র, সম্পত্তি করের রসিদ ও সমীক্ষার মানচিত্রসহ এক ডজনের বেশি নথি জোগাড় করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি গড়ে তোলেন ‘ল্যান্ডিড’ নামে একটি এআই-নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম। ভারতের ২৪টি রাজ্যের ভূমি রাজস্ব দপ্তর, রেজিস্ট্রেশন অফিস ও পুরসভার তথ্যভাণ্ডার এবং জিও-স্পেশাল প্রযুক্তি ব্যবহার করে এই প্ল্যাটফর্মটি কয়েক মিনিটের মধ্যে জমির মালিকানা ও নথির অসঙ্গতি যাচাই করে দেয়, যা আইনজীবী বা দালালদের করতে কয়েক দিন সময় লাগে। মান্দাভা জানান, আমেরিকা বা যুক্তরাজ্যে সরকার মালিকানা যাচাই করলেও ভারতে ক্রেতাকেই তা প্রমাণ করতে হয়। দেশে পারিবারিক সম্পদের প্রায় ৮০ শতাংশ রিয়েল এস্টেটে থাকায় দেওয়ানি মামলার বড় অংশই জমি সংক্রান্ত। বর্তমানে ১৮০ কোটি নথির ভাণ্ডার থাকা ‘ল্যান্ডিড’ লক্ষ লক্ষ ব্যক্তি ও সংস্থা ব্যবহার করছে।

জমির নথির পাশাপাশি শহরাঞ্চলের রাস্তার গর্তের সমস্যা সমাধানেও কাজ করছে এআই অ্যাপ। বেঙ্গালুরুর ইউটিউব শিক্ষক গৌরব সেন এমন একটি অ্যাপ তৈরি করেছেন, যা ড্যাশ-ক্যাম, স্যাটেলাইট নেভিগেশন এবং এআই ভিশন মডেলের মাধ্যমে রাস্তার গর্ত চিহ্নিত করে এবং মেরামতির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুর আধিকারিকদের কাছে তথ্য পাঠিয়ে দেয়। গৌরবের মতে, পুরসভাগুলো সরকারি বাস ও ট্যাক্সিতে এই অ্যাপ ব্যবহার করলে রাস্তার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেতে পারে। দেশে অন্তত আরও ছয়টি স্টার্ট-আপ একইভাবে রাস্তার ক্ষয়ক্ষতি চিহ্নিত করে প্রশাসনকে জানানোর কাজ করছে। এছাড়াও আদিবাসী ভাষা অনুবাদ, শিক্ষা ও কৃষি ক্ষেত্রেও এআই প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে।

স্বাস্থ্যক্ষেত্রেও শুরু হয়েছে এআই-এর ব্যবহার। মুম্বইয়ের শেয়ার বাজারে তালিকাভুক্ত এআই সংস্থা ‘ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স’ সেখানকার পুরসভার হাসপাতালগুলোতে ‘বৈদ্য’ নামে একটি এআই টুল চালু করেছে। এর মাধ্যমে নাগরিকরা একাধিক ভাষায় তাঁদের ল্যাব রিপোর্টের সহজ সারসংক্ষেপ জানতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ পান। চিকিৎসকদেরও রোগীর চিকিৎসার ইতিহাস ও ওষুধের তথ্য দিয়ে সহায়তা করে এই টুল। পাশাপাশি, পুর হাসপাতালগুলোর ল্যাব রিপোর্টের সম্মিলিত তথ্য বিশ্লেষণ করে সংক্রমণ বা নতুন কোনো রোগের প্রবণতা বুঝতে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি পাবলিক হেলথ ড্যাশবোর্ডও দেওয়া হচ্ছে।

স্টার্ট-আপ তথ্য প্ল্যাটফর্ম ‘ইনক৪২’ -এর তথ্য অনুযায়ী, সামগ্রিক বাজারে লগ্নির পরিবেশ কিছুটা মন্থর থাকা সত্ত্বেও ভারতের এআই স্টার্ট-আপগুলোতে তহবিল সংগ্রহ গত বছরের তুলনায় ২৬৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসেই এই সংস্থাগুলো ১০০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে। তবে প্রাথমিক প্রকল্প (পাইলট প্রজেক্ট) থেকে বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ফ্র্যাক্টালের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত ভেলামাকান্নি জানান, ভারত ও আমেরিকা—উভয় দেশেই এআই মডেল চালানোর কম্পিউটিং খরচ সমান, কিন্তু আমেরিকার গ্রাহকদের তুলনায় ভারতীয় গ্রাহকদের অর্থ ব্যয়ের ক্ষমতা অনেক কম।

এর পাশাপাশি রয়েছে উচ্চমানের চিপ বা জিপিইউ -এর ঘাটতি। সঞ্জয় মান্দাভা জানান, এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় জিপিইউ সংগ্রহ করতে গিয়ে তাঁকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। সরকারি এআই মিশনের মাধ্যমে ৩৮,০০০ জিপিইউ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও চাহিদা তার চেয়ে অনেক বেশি। এর সঙ্গে জটিল নিয়মকানুন, আমলাতান্ত্রিক প্রক্রিয়া, অভিজ্ঞ কর্মীর অভাব, পাইলট প্রকল্পকে নিয়মিত সরকারি চুক্তিতে রূপান্তরিত করার লড়াই এবং ব্যয়বহুল বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতাও বড় চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞদের মতে, এই মৌলিক সমস্যাগুলোর সমাধান না হলে ভারতের এআই সংস্থাগুলোর তৈরি সমাধানগুলো দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে। গৌরব সেনও স্বীকার করেছেন যে, তাঁর বর্তমান প্রকল্পটিকে টেকসই করতে হলে আরও উন্নত করতে হবে। তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও নীতিনির্ধারকদের কাছে সংরক্ষণের বদলে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সহায়তার দাবি জানিয়েছেন মান্দাভা।

Leave a Comment

আরও পড়ুন