নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের শেষে পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামী-সহ দু’জনকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার ওই পুরনো মামলায় সম্প্রতি এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট)।
পুলিশ সূত্রের খবর, ২০১৩ সালের ১৪ মে সুতাহাটা থানায় আমিনা বিবি নামে এক বধূর রহস্যমৃত্যুর অভিযোগ দায়ের হয়েছিল। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বধূ গুরুতর জখম হন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ বৈজ্ঞানিক পদ্ধতিতে নানা গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতার করে।
দীর্ঘ শুনানির পর গত ১৭ জুন এই মামলার রায়দান করেন বিচারক। সরকারি আইনজীবী সোমনাথ ভুঁইয়ার জোরালো সওয়াল এবং সুতাহাটা থানার তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর দেবব্রত বেরার পেশাদার তদন্তের ভিত্তিতে মূল অভিযুক্ত শেখ রহিম আলিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি অন্য একটি ধারায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর অভিযুক্ত শেখ রেজ্জাককে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় আরও ২ বছরের সাজা শোনানো হয়েছে। আদালতের নির্দেশে দোষীদের এই উভয় সাজাই একসঙ্গে কার্যকর হবে।
গুরুতর এই অপরাধে এত বছর পর দোষীদের সাজা নিশ্চিত হওয়ায় নারী নির্যাতন ও পণপ্রথাজনিত অপরাধের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কড়া আইনি অবস্থানই ফের প্রমাণিত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।









