নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
বর্ষার মরসুমে জঙ্গলমহলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি। পর্যটকদের ভিড় বাড়তেই এই এলাকায় থাকার পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাতেও ব্যাপক উন্নতি হয়েছে। স্থানীয় হোমস্টে ও রিসর্টগুলিতে থাকা-খাওয়ার জন্য এক হাজার একশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে। পাশাপাশি, প্রায় প্রতিটি পর্যটন স্থলেই গড়ে উঠেছে ছোট-বড় নানা ভাতের হোটেল ও খাবারের দোকান।
স্থানীয় হোটেলগুলিতে নিরামিষ সবজি ভাত চল্লিশ থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ষাট-সত্তর টাকায় ডিম ভাত, আশি থেকে তিনশো ষাট টাকার মধ্যে মাছ ভাত এবং একশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দেশি মুরগি, খাসি বা পোলট্রির মাংসের থালি মিলছে। পর্যটকদের বাড়তি পাওনা হিসেবে রয়েছে স্থানীয় উপাদেয় খাবার কুরকুটের (পিঁপড়ে) চাটনি এবং শালপাতায় পোড়া চিকেন, যার দাম একশো থেকে এক হাজার টাকার মধ্যে। প্রাতরাশের জন্যও ডিম-পাউরুটি, ইডলি, পুরি, লুচি, আলুর পরোটা থেকে শুরু করে মুড়ি-ঘুগনির প্রচুর দোকান রয়েছে। তবে এই এলাকায় কোনও বিলাসবহুল রেস্তোরাঁ না থাকায় বসার জায়গা সীমিত। কুড়ি থেকে চল্লিশ জনের বসার ব্যবস্থা থাকায় দুপুরের দিকে খাওয়ার জন্য পর্যটকদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। আগাম বরাত না দিলে দেশি মুরগি, খাসি, পোমফ্রেট বা গলদা চিংড়ির মতো পদ সব সময় পাওয়া যায় না। ছাপানো মেনু কার্ড বা বিল দেওয়ার চল সব জায়গায় না থাকায়, আগে থেকে খাবার ও দামের বিষয়ে কথা বলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বেশিরভাগ হোটেলে নিজস্ব শৌচাগার বা গাড়ি রাখার জায়গা নেই, তবে ইন্দিরা চকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গাড়ি রাখার সুবিধা রয়েছে।
পর্যটকদের সুবিধার্থে বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ইন্দিরা চক ও বিডিও অফিস সংলগ্ন এলাকার কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট (৮৯০০২৬৩৬৯০), তৃপ্তি হোটেল (৮৬৭০৩৪২০৮৮), হালদার হোটেল (৯৭৩৩৭৫৯৫২৫), অভিনন্দন (৯০৮৩৪৯৭২২৮), গৌরী ভাতের হোটেল (৮১৪৫৪৪৬৯৯৯), বিডিও অফিস ক্যান্টিন (৮৩২৭২২২৩৭১) এবং মা মনসা হোটেল (৯৭৩৪৬৫৩১৩০) উল্লেখযোগ্য। আগুইবিল এলাকায় রয়েছে মনির রান্নাঘর (৭৮৬৬৯৫৯১৪১), দেবুদার জলযোগ (৮৯৬৭৭৮৪৬১১) ও পবিত্রা হোমস্টে (৬২৯৫২৩১৪১৬)। এছাড়া চিড়াকুটির জামাইয়ের হোটেল (৮১৪৫৩১৮৭২০), মুড়ানশোলের লালজি (৮০০১৫৮০০৩৯), শিলদার কাশী বিশ্বনাথ (৭৪৩২৮৬৫৭২২), নটাচুয়ার মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার (৮১৪৫৩৬৫৬৬৭), কালী মন্দির চকের মাহাত হোটেল (৯৮৩১০১২২৩৯), গোহালবেড়ার মনি মায়া ইকো রিসর্ট (৮৭১০০৫৫৯১৫), ঘাগরার দ্য জোহার ক্যান্টিন (৯৬৭৯১১৫৯২১), কুলডিহার শালবাড়ি রিসর্ট (৭৩১৮৯২১৩১৩) এবং কাঁকড়াঝোরের বাবা ভৈরব রেস্টুরেন্টে (৮১০১৪৫০০৭২) পর্যটকরা নিজেদের পছন্দমতো খাবার পেয়ে যাবেন। বেলপাহাড়ি সফর সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে পর্যটকরা স্থানীয় গাইড বিধান দেবনাথের (৮৯০০২৬৩৬৯০) সঙ্গেও যোগাযোগ করতে পারেন।









