নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ছোট সেতুগুলির মেরামতের কাজ শুরুর আগে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানলেন ঝাড়গ্রামের বিনপুরের বিধায়ক প্রণত টুডু। শুক্রবার তিনি বাঁশপাহাড়ি এলাকার বিদিরি এবং দেশমুল— এই দু’টি জায়গা পরিদর্শনে যান।
এ দিন সেখানে গিয়ে ভগ্নপ্রায় ছোট সেতুগুলি ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের নানা সমস্যার কথাও শোনেন। পরে সমাজমাধ্যমে নিজের এই সফরের কথা জানিয়ে বিধায়ক লেখেন, “মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।” স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতুগুলি মেরামত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে। মেরামতের কাজ শুরুর আগে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনতে বিধায়কের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।









