কৃষ্ণনগর, ১৯ আগস্ট: বিদ্বেষমূলক ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বারবার আদালতের সমন অমান্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল নদিয়ার কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালতের তৃতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বুধবার এই নির্দেশ দিয়ে আগামী ২৮ আগস্টের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের রিপোর্ট জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, নারীদের অমর্যাদা, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সমাজে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে একটি নালিশি মামলা দায়ের হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯, ১৯৬, ২৯৯, ৩৫১ এবং ৩৫৩(২) ধারায় মামলাটি রুজু হয়। এই মামলায় সশরীরে হাজিরার জন্য আদালত একাধিকবার সমন পাঠালেও তৃণমূল সাংসদ উপস্থিত হননি। মঙ্গলবার বিচারক তাঁকে বুধবার আদালতে হাজিরার কড়া নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এ দিনও তিনি গরহাজির থাকেন।
সাংসদের এই লাগাতার অনুপস্থিতিকে আদালতের নির্দেশের প্রতি চরম অবহেলা ও অশ্রদ্ধা হিসেবে উল্লেখ করে বিচারক অবিলম্বে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। শুনানিপর্বে মহুয়া মৈত্রের আইনজীবী আদালতে দাবি করেন যে, আদালত চত্বরে উপস্থিত হলে তাঁর মক্কেল হেনস্থার শিকার হতে পারেন এমন আশঙ্কা রয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণ, সমন পাওয়ার পরও দিনের পর দিন নির্দেশ অমান্য করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছাড়া আদালতের কাছে আর কোনো বিকল্প খোলা ছিল না।









