খড়্গপুর-ভদ্রক চতুর্থ লাইন সহ ৯,৪৫০ কোটি টাকার চার রেল প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট: রেলের পরিকাঠামো উন্নয়ন, ট্রেনের গতি বৃদ্ধি এবং লাইনে যানজট কমানোর লক্ষ্যে মোট ৯,৪৫০ কোটি টাকার চারটি গুরুত্বপূর্ণ মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স-র বৈঠকে এই গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর আটটি জেলা জুড়ে মোট ৪১০ কিলোমিটার দীর্ঘ এই রেল সম্প্রসারণ প্রকল্পগুলি বাস্তবায়িত হতে চলেছে।

প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় অনুমোদিত এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে ১৭৩ কিলোমিটার দীর্ঘ খড়্গপুর-ভদ্রক (রানীটাল) চতুর্থ রেললাইন। এছাড়াও ওড়িশায় ৭৫ কিলোমিটার দীর্ঘ ভদ্রক-হরিদাসপুর চতুর্থ লাইন, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে ৯০ কিলোমিটার দীর্ঘ গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় ও চতুর্থ লাইন এবং ওড়িশার ৭২ কিলোমিটার দীর্ঘ কটক-পারাদ্বীপ (বড়বান্ধা) তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ করা হবে।

২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া এই প্রকল্পগুলির ফলে দেশের প্রায় ৬,৪৪৮টি গ্রামের প্রায় ৬০ লক্ষ মানুষ উপকৃত হবেন। কয়লা, আকরিক লোহা, সিমেন্ট এবং খাদ্যশস্যের মতো জরুরি পণ্য পরিবহণের ক্ষেত্রে এই রুটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রেলপথে বছরে অতিরিক্ত প্রায় ৭৬ মিলিয়ন টন পণ্য পরিবহণ সম্ভব হবে। পাশাপাশি তালসারি-উদয়পুর, চণ্ডীপুর সমুদ্রসৈকত, ভিতরকণিকা ও কুলডিহা অভয়ারণ্যের মতো একাধিক পর্যটন ও ধর্মীয় তীর্থক্ষেত্রের রেল যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। এছাড়া রেলপথে পণ্য পরিবহণ বাড়ায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে এই উদ্যোগ।

Leave a Comment

আরও পড়ুন