হিঙ্গোলি: গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ হাঁটা, অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং দৈনন্দিন সমস্যার বাস্তব রূপ বোঝাতে নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। মঙ্গলবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতে গ্রামীণ স্কুলগুলির বেহাল দশার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের অন্তত একদিনের জন্য হলেও নিজেদের সন্তানদের গ্রামের স্কুলে পাঠানো উচিত এবং তাঁদের মতো হেঁটেই স্কুলে যাওয়ার অনুভূতি নেওয়া উচিত। মহারাষ্ট্র সরকারের কড়া সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন, রাজনৈতিক দলগুলি নির্বাচনী সভার জন্য সহজেই বাস ও ট্রেনের ব্যবস্থা করতে পারলেও গরিব পড়ুয়াদের জন্য একটিও বাসের ব্যবস্থা করতে পারে না।
হিঙ্গোলির প্রত্যন্ত গ্রাম থেকে ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করে দীপক জানান, দূরবর্তী এলাকার শিশুদের পড়াশোনার জন্য প্রতিদিন প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হয়। বর্ষাকালে জল-কাদার কারণে সেই দুর্ভোগ চরমে পৌঁছায়। সম্প্রতি অমরাবতীর মেলঘাট এবং গড়চিরোলির আদিবাসী আবাসিক স্কুলে বেশ কয়েকজন ছাত্রের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন সাধারণ আদিবাসী বা গরিব শিশুর জীবনের মূল্য কোনও মন্ত্রীর সন্তানের জীবনের চেয়ে কম নয়। গত ১৫ বছরেও গ্রামীণ এলাকায় মেয়েদের স্কুলে যাওয়ার মৌলিক পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়াকে চূড়ান্ত লজ্জাজনক বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ধর্ম ও জাতপাতের রাজনীতির তীব্র সমালোচনা করে দীপক আরও উল্লেখ করেন, গত এক দশকে মূল রাজনৈতিক আলোচনাগুলিকে জাত-ধর্মের সংঘাতে পরিণত করা হয়েছে, যার ফলে শিক্ষা ও কর্মসংস্থানের মতো জরুরি সমস্যাগুলি আড়ালে চলে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করলেও সাধারণ ও আদিবাসী ঘরের ছেলেমেয়েরা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তাঁদের এই লড়াই স্থানীয় গ্রামবাসী বা পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে নয়, বরং গ্রামের মানুষকে সঙ্গে নিয়েই তাঁরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চান। সরকার ব্যর্থ হলে গ্রামবাসীদের পাশে নিয়েই স্কুলের পরিকাঠামো উন্নয়নের লড়াই জারি রাখার হুঁশিয়ারি দেন সিজেপি প্রধান।









