বিশেষ সংবাদদাতা, গাঁধীনগর, ২৭ অগস্ট: দেশজুড়ে শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো ও মজবুত বাস্তুতন্ত্র গড়ে তুলতে ৩৬ হাজার কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গুজরাতের পালাজে আইআইটি গাঁধীনগরে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া সংলাপ’-এর ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিপুল বরাদ্দের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডব্য।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, অনুমোদিত এই অর্থ দেশের বিভিন্ন প্রান্তে আধুনিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা, তৃণমূল স্তরে প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং সার্বিক ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে। এর মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ও শহরাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা যেন প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা পান এবং বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ পান।
ড. মান্ডব্য আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খেলাধুলায় যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে দেশজুড়ে বিশেষ অভিযান চলছে। এই প্রয়াস দেশের যুবশক্তিকে সংহত করার পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যকেই প্রতিফলিত করছে।









