১৯৫১ সালের ভিত্তিবর্ষে নাগরিকপঞ্জির দাবি, মণিপুরে নতুন করে পারদ চড়ছে এনআরসি বিতর্কে

বিশেষ সংবাদদাতা: রক্তাক্ত জাতিদাঙ্গার ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি, তার মধ্যেই এবার ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ বা নির্দিষ্ট সময়সীমা ধরে জাতীয় নাগরিকপঞ্জি রূপায়ণের দাবি ঘিরে নতুন করে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু করেছে উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য মণিপুরে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো এবং ভূমিপুত্রদের নিজস্ব জমি, সংস্কৃতি ও অধিকার রক্ষার যুক্তি দেখিয়ে মেইতেই সংগঠন ও শীর্ষ নাগা সংগঠনগুলির যৌথ চাপে রাজ্য সরকার ১৯৫১ সালের নাগরিকপঞ্জি সংস্কারের পক্ষে জোর সওয়াল করলেও, তীব্র বিরোধিতায় সরব হয়েছে কুকি-জো জনগোষ্ঠী। সরকারের এই পদক্ষেপে উপত্যকা ও পাহাড়ের চিরাচরিত সংঘাত নতুন মাত্রা ধারণ করায় কার্যত তীব্র বিভাজনের মুখে দাঁড়িয়ে গোটা রাজ্য।

মণিপুরে অনুপ্রবেশ রুখতে ১৯৫০ সালের ১৮ নভেম্বর পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ও বসবাসের ক্ষেত্রে নিজস্ব অনুমতিপত্র ব্যবস্থা চালু ছিল, যা তৎকালীন মুখ্য কমিশনার হিম্মত সিং বাতিল করে দেন। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে ছাত্র আন্দোলনের পর ২০২০ সালে রাজ্যে বিশেষ ভ্রমণ অনুমতিপত্র কার্যকর হলেও তা নাগরিকত্ব নির্ধারণ করতে না পারায় অনুপ্রবেশ সমস্যার কোনো স্থায়ী সুরাহা মেলেনি বলে অভিযোগ তোলে মেইতেই ও নাগা নাগরিক মঞ্চগুলি। ২০২২ সালের জুন মাসে মেইতেই সংগঠন ও নাগাদের শীর্ষ সংগঠন ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ যৌথভাবে রাজ্য জনসংখ্যা কমিশন গঠন ও নাগরিকপঞ্জির দাবিতে তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে স্মারকলিপি দেয়। পরবর্তীতে রাজ্যের ১৯টি উপজাতি গোষ্ঠীও প্রধানমন্ত্রীর কাছে এই দাবি পেশ করে এবং ২০২২ সালের ৫ অগস্ট মণিপুর বিধানসভায় প্রথমবার নাগরিকপঞ্জি কার্যকরের প্রস্তাব গৃহীত হয়, যা ২০২৪ সালের ১ মার্চ এবং চলতি বছরের ২ সেপ্টেম্বর ফের সর্বসম্মতিক্রমে পুনর্নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি রাজ্য বিধানসভায় মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কোন্থৌজাম গোবিন্দাস জানিয়েছেন যে, ১৯৫১ সালকেই নাগরিকপঞ্জির ভিত্তিবর্ষ ধরা হবে, যার সরকারি নথি খোঁজার কাজ চলছে এবং কেন্দ্রকে এই প্রস্তাব রূপায়ণের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে রাজ্য প্রশাসন।

সমস্যার সূত্রপাত হয় যখন আদমশুমারির আগেই নাগরিকপঞ্জি কার্যকরের দাবিতে পথে নামে মেইতেই ও নাগা যৌথ মঞ্চ। তাঁদের যুক্তি, প্রতিবেশী দেশ মায়ানমার ও বাংলাদেশ থেকে লাগাতার অবৈধ অনুপ্রবেশের ফলে আদি জনবিন্যাস ধ্বংস হয়ে গিয়েছে এবং নথিতে প্রায় ৯৯৬টি নতুন গ্রামের জন্ম হয়েছে। নাগা সংগঠনগুলি সাফ জানিয়ে দেয়, আগে নাগরিকপঞ্জি না হলে তারা গ্রামের কোনও আধিকারিককে জনগণনার কাজে বিন্দুমাত্র সাহায্য করবে না। পালটা ক্ষোভ উগরে দিয়ে কুকি-জো কাউন্সিলের দাবি, নাগরিকপঞ্জি একটি সম্পূর্ণ জাতীয় প্রক্রিয়া, কোনো রাজ্য সরকার বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী একতরফাভাবে তা নির্ধারণ করতে পারে না। তাঁদের বক্তব্য, ১৯৫১ সালে পার্বত্য প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রশাসনিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত থাকায় সেই সময়ের নথিতে মারাত্মক ভুলভ্রান্তি ও ফাঁকফোকর রয়েছে। ফলে জাতিদাঙ্গার প্রেক্ষাপটে কুকি জনগোষ্ঠীর ওপর অপপ্রচার রুখতে আগে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ আদমশুমারিই একমাত্র পথ। দুই জনগোষ্ঠীর এই মুখোমুখি অবস্থানে শেষ পর্যন্ত পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কায় রাজ্যে আসন্ন জনগণনা আপাতত পিছিয়ে দেওয়ার কৌশলগত পথই বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

আরও পড়ুন