ঝাড়গ্রাম, ৬ অক্টোবর: রাজার প্রিয় হাতি হঠাৎ উধাও, আর তার পরেই মিলল মাটির নিচে লুকিয়ে থাকা দেবীমূর্তি—ইতিহাস আর অলৌকিক বিশ্বাসের এই অদ্ভুত মেলবন্ধনে আজও জাগ্রত ঝাড়গ্রামের মা গুপ্তমণির মন্দির। গ্রামীণ ব্লকের জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন থানকে ঘিরে স্থানীয়দের দাবি, এর বয়স সাড়ে চারশো থেকে সাড়ে সাতশো বছরেরও বেশি।
জনশ্রুতি বলে, মল্ল রাজাদের আমলে গোটা এলাকা ছিল গভীর অরণ্য। একদিন মল্লরাজ রঘুনারায়ণ মল্লদেবের এক প্রিয় হাতি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির পর শুকনিবাসার জঙ্গলে লতাপাতায় পা আটকে থাকা অবস্থায় উদ্ধার হয় হাতিটি। ঠিক একই সময়ে লোধা সম্প্রদায়ের দলপতি নন্দ ভক্তা স্বপ্নাদেশ পেয়ে বনের এক মরা গাছের গুঁড়ির তলা খুঁড়ে বের করেন এক পাথরের দেবীমূর্তি। বুনো ফুল-ফল দিয়েই সেখানেই শুরু হয় আরাধনা।
ঘটনা কানে যেতেই রাজা নন্দ ভক্তাকে শুকনিবাসা মৌজা দান করেন এবং সেখানে মন্দির গড়ে ওঠে। মাটি খুঁড়ে দেবীর সন্ধান মেলায় লোকমুখে নাম হয় ‘গুপ্তমণি’। লোধা সমাজের সদস্য মিঠুন নায়েকের কথায়, দেবীর এই গুপ্ত রূপ সাধারণের কাছে অজানা থাকার কারণেই রাজাই প্রথম এই পীঠস্থানের নাম দিয়েছিলেন গুপ্তমণি।
সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার এখানে নিয়মিত পুজো হয়। তবে দুর্গাপূজোর পাঁচ দিন ভিড় সামলানো দায় হয়ে পড়ে। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের মনস্কামনা পূরণের বিশ্বাস আর লোধা সম্প্রদায়ের পুরোহিতদের বিশেষ পরম্পরা—সব মিলিয়ে জঙ্গলমহলের এই প্রাচীন মন্দির আজও আস্ত এক জীবন্ত ইতিহাস।









