ভূমিজ ভাষাকে সরকারি স্বীকৃতির দাবিতে ঝাড়গ্রামে ভাষা দিবস পালন, জেলাশাসককে স্মারকলিপি

ঝাড়গ্রাম: ভূমিজ ভাষাকে অবিলম্বে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঝাড়গ্রাম শহরে সাড়ম্বরে পালিত হলো ‘ভূমিজ ভাষা দিবস’। সোমবার ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ (ঝাড়গ্রাম জেলা কমিটি) এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে সমাজের প্রতিনিধি ও সদস্যদের অংশগ্রহণে শহরজুড়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে পাঁচ মাথার মোড়ে পৌঁছায় এবং সেখানে এক অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধিদল ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরে গিয়ে তাদের দীর্ঘদিনের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচি প্রসঙ্গে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের জেলা সভাপতি তপন কুমার সর্দার জানান, ভারতের যে সমস্ত রাজ্যে ভূমিজ সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন, সর্বত্রই এদিন মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গেও তাদের মূল দাবি—ভূমিজ ভাষাকে দ্রুত সরকারি ভাষার স্বীকৃতি প্রদান করতে হবে। সেই লক্ষ্যেই প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ ভূমিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ডের সম্পাদক উমেশ সিং বলেন, ভূমিজ ভাষার সাংবিধানিক ও প্রশাসনিক স্বীকৃতির দাবি বহু পুরোনো। ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই জমায়েত ও মিছিল থেকে সেই দাবি ফের জোরালো করা হলো। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভাষার ন্যায্য সাংবিধানিক অধিকার ও সরকারি স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Comment

আরও পড়ুন