নিজস্ব সংবাদদাতা, সাঁকরাইল: চারচাকা গাড়িতে করে পাচারের পথেই বেআইনি মদের বড়সড় কারবার ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি ও চোলাই মদ-সহ দু’জনকে হাতেনাতে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মদ পাচারে ব্যবহৃত একটি গাড়িও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সন্দীপ ওরফে মুন্না মল্লিক এবং রাজু ওরফে শ্যামলাল মাহাত। দু’জনেরই বাড়ি বাকড়া গ্রামে। শুক্রবার রাতে সাঁকরাইল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বাকড়া এলাকায় নাকা তল্লাশি চালায়। সেই সময় একটি সন্দেহভাজন চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একাধিক নামী ব্র্যান্ডের বিলিতি মদ এবং চারটি প্লাস্টিকের জেরিক্যানে মজুত রাখা প্রায় তিরিশ লিটার দেশি চোলাই মদ।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দশটি বিয়ারের বোতল, বিভিন্ন মাপের বেশ কয়েকটি হুইস্কি ও রামের বোতল। পুলিশ জানিয়েছে, চোলাই মদের প্রতিটি পাত্র থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এই বিপুল পরিমাণ মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং এলাকার কোথায় তা সরবরাহ করার ছক ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের পেছনে অন্য কোনো বড় পাচারকারী জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে আবগারি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়েছে।









