সুনীপম মহাকুল, ঝাড়গ্রাম: রবিবার সংবাদ সম্প্রচারের পর সোমবারই বাড়িতে পৌঁছে বন্ধ থাকা দুটি রেশন কার্ড চালু করেছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। এবার নয়াগ্রাম ব্লকের জরকা গ্রামের সেই দৃষ্টিহীন কালীচরণ সরেন এবং তাঁর নাবালিকা কন্যা অঞ্জলি সরেনের পাশে দাঁড়ালেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু।
কালীচরণবাবু এবং তাঁর দ্বিতীয় শ্রেণিতে পড়া মেয়ে অঞ্জলিকে গাড়ি করে নয়াগ্রামের জরকা গ্রাম থেকে ঝাড়গ্রামে নিয়ে আসেন বিধায়ক। এরপর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে গিয়ে কালীচরণবাবুর চোখের পরীক্ষা করানো হয়। শুধু চিকিৎসা পরিষেবা দেওয়াই নয়, বাবা ও মেয়ের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেন বিধায়ক প্রণত টুডু।
হাসপাতালে চক্ষু পরীক্ষার পর বিধায়ক প্রণত টুডু বলেন, “ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চক্ষু পরীক্ষা করানো হয়। তিনি একশো শতাংশ দৃষ্টিহীন। আমাদের পক্ষ থেকে তাঁর আধার কার্ডটি যাতে দ্রুততার সাথে করা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং তাঁর মেয়ের জন্য পাঠ্যপুস্তকের ব্যবস্থাও করব।”
উল্লেখ্য, দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ায় আধার কার্ড তৈরি করা যায়নি এবং আধার লিঙ্ক না থাকায় রেশন বন্ধ হয়ে গিয়েছে—এমনই সমস্যার কথা জানিয়েছিলেন কালীচরণ সরেন। অভাবের তাড়নায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী অঞ্জলির হাত ধরে সুবর্ণরেখা নদীর জঙ্গলকন্যা সেতু পেরিয়ে পাশের কেশিয়ারি ব্লকে ভিক্ষা করতে যাচ্ছিলেন তিনি। রবিবার এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। সোমবার ঝাড়গ্রাম থেকে খাদ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সরাসরি জরকা গ্রামে কালীচরণবাবুর বাড়িতে পৌঁছে দুটি রেশন কার্ড অ্যাক্টিভ করে দেন।
রেশন সমস্যার সমাধানের পর এবার খোদ বিধায়ক উদ্যোগী হয়ে চক্ষু পরীক্ষা করানোয় এবং আধার কার্ড তৈরি ও ছোট্ট অঞ্জলির পড়াশোনার জন্য পাঠ্যপুস্তকের ব্যবস্থার আশ্বাস দেওয়ায় স্বস্তি ফিরেছে সরেন পরিবারে।









