সুনীপম মহাকুল, ঝাড়গ্রাম: ২০১৬ সালের একটি পুরনো ফৌজদারি মামলায় মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আদালতে হাজিরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উস্কানিমূলক বক্তব্য এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় দায়ের হওয়া এই মামলায় তাঁর পাশাপাশি আদালতে হাজিরা দেন তৎকালীন বিজেপি নেতা তুষার ঘোষও। এ দিন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরার দিন ধার্য ছিল।
দিলীপের আইনজীবী অর্চিষ্মান সিংহ জানান, ২০১৬ সালের ১০ ডিসেম্বর নয়াগ্রামের বাসিন্দা সুমন সাহু ঝাড়গ্রাম থানায় দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারা এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই সময় দিলীপ খড়্গপুরের বিধায়ক থাকায় কলকাতার বিশেষ এমপি-এমএলএ আদালতে মামলার শুনানি শুরু হয়েছিল। পরবর্তীকালে মামলাটি ঝাড়গ্রাম জেলা আদালতে স্থানান্তরিত হয়। এ দিন তাঁদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এ দিন আদালত চত্বরে দিলীপ পৌঁছলে দলীয় কর্মীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, জেলা সভাপতি তুফান মাহাতো এবং রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপথী-সহ অন্যান্য নেতারা।
আদালতের কাজ সেরে সোজা ঝাড়গ্রাম জেলা পরিষদে পৌঁছন পঞ্চায়েত মন্ত্রী। সেখানে সভাধিপতি গৌরী তালধি ও কর্মাধ্যক্ষদের সঙ্গে জেলার একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। কর্মাধ্যক্ষ কমল মাহাতো জানান, সুবর্ণরেখা ও কংসাবতী নদীর ভাঙন রোধে দ্রুত সুনির্দিষ্ট প্রকল্প তৈরি করে রাজ্য দফতরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ ছাড়াও জঙ্গলমহলে বুনো হাতির উপদ্রব রুখতে বিশেষ সরকারি প্রকল্পে পরিখা খননের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি।
অন্য দিকে, ডেবরায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে স্থানীয় বিধায়ককে মারধরের ঘটনার প্রসঙ্গে দিলীপ বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং প্রয়োজন অনুযায়ী এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে। একই সঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র রাজনৈতিক আক্রমণ শানান তিনি।









