সুনীপম মহাকুল: নিজের আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের আগে ‘দ্য হিন্দু’-কে লিখিত সাক্ষাৎকার দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। প্রশ্ন করেছেন এন রাম। বইটি প্রকাশ করছে হার্পারকলিন্স ইন্ডিয়া, ১০ নভেম্বর। সাক্ষাৎকারে ব্যক্তিগত, ঐতিহাসিক ও রাজনৈতিক নানা প্রসঙ্গে কথা বলেছেন সনিয়া।
গত বারো বছরে “দেশের কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলির বড় ক্ষতি হয়েছে” বলে মন্তব্য করেছেন তিনি। এই সরকার চলে গেলেও ব্যবস্থাগুলিকে সুস্থ অবস্থায় ফেরাতে সময় লাগবে, রাজনৈতিক দলগুলিকে বড় চেষ্টা করতে হবে, বলেন কংগ্রেস নেত্রী।
বই নিয়ে সনিয়া বলেন, “আমার জানাই ছিল না, এত বই আছে!” তাঁকে নিয়ে অন্তত ৭৫টি বই লেখা হয়েছে, এ কথা এন রাম জানালে সনিয়া জানান, নিজের সম্পর্কে লেখা বই পড়ার ইচ্ছে তাঁর কখনও হয়নি। তাঁর কথায়, রাজীবের সঙ্গে বহু আগেই বুঝে গিয়েছিলেন, তাঁদের নিয়ে যা লেখা হয়েছে, তার সবটা পড়ে ওঠার কোনও মানে নেই। তবে এক সময় মনে হয়েছিল, এবার নিজের গল্প নিজেরই বলা উচিত। প্রথম কিছু লেখা তিনি শুরু করেছিলেন এক দশকেরও বেশি আগে, আর নিয়মিত লেখা শুরু প্রায় পাঁচ বছর আগে। লেখার প্রক্রিয়া একটানা ছিল না। কখনও শব্দ আসত, কখনও কিছুতেই আসত না।
বইটিকে ভালবাসার কাহিনি বলে এন রাম মন্তব্য করলে সনিয়া বলেন, এটি শুধু তাঁদের দু’জনের প্রেমের গল্প নয়। রাজীবের পরিবার ও তাঁদের দেশকে ভালবাসতে শেখার গল্পও বটে। সেই ভালবাসাই তাঁকে এই দেশের অংশ করে তুলেছে। সেই ভালবাসাই তাঁকে জনজীবনে এনেছে, যখন তিনি দেখেছিলেন ওই পরিবারের সব ত্যাগের উদ্দেশ্য হুমকির মুখে, আর দল দুর্বল হচ্ছে। ছোট ইটালীয় শহরে বেড়ে ওঠা সনিয়ার মধ্যে সেই তরুণী কতটা রয়ে গিয়েছে, এই প্রশ্নে তিনি বলেন, ছোট থেকে শেখা মূল্যবোধ রয়েছে। পরিবার ও বন্ধুদের প্রতি আনুগত্য, আন্তরিকতা, অন্যের প্রতি অনুভূতি, কর্তব্য ও দায়িত্ববোধ। তবে হাসতেন অনেক বেশি তখন।
রাজীব ও ইন্দিরা গান্ধীর কাছে তিনি কী শিখেছেন, জানতে চাওয়া হলে সনিয়া বলেন, ভারতে নববধূ হয়ে আসার সময় দেশ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আজ তিনি যা কিছু জানেন, তা শিখেছেন ওঁদের কাছেই। ওঁদের সাহস, সহমর্মিতা, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতের প্রতি প্রতিশ্রুতি এবং সবচেয়ে বেশি কর্তব্যের টান তাঁকে কঠিন সময়ে অনুপ্রাণিত করেছে।
জরুরি অবস্থা নিয়েও প্রশ্ন করেছেন এন রাম। সঞ্জয় গান্ধীর নাম জরুরি অবস্থার সমার্থক হয়ে উঠেছিল, রাজীব মাকে অভিযোগ জানালেও তিনি সাড়া দেননি বলে বইয়ে লিখেছেন সনিয়া। এ নিয়ে তিনি বলেন, শুধু সঞ্জয় নন, অনেক প্রবীণ সহকর্মীর চাপও ছিল। রাজীবের মতো ভিন্ন মত পোষণ করেন, এমন মানুষ ছিলেন খুব কম। তাঁর বিশ্বাস, শেষ পর্যন্ত শাশুড়ি নিজের বিচক্ষণতায় পরিস্থিতি বুঝে প্রতিকারের পদক্ষেপ নিয়েছিলেন। জরুরি অবস্থাকে স্রেফ ‘বাড়াবাড়ি’-সহ অতিকেন্দ্রীভূত শাসন না বলে গণতন্ত্রবিরোধী ও স্বৈরাচারী অধ্যায় বলে মানা উচিত কি না, এই প্রশ্নে সনিয়া বলেন, জরুরি অবস্থার পরই তিনি ঘটনার প্রকৃত গুরুত্ব বুঝেছিলেন। গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছিল, বন্দিপ্রত্যক্ষীকরণ (হ্যাবিয়াস কর্পাস) স্থগিত ছিল, তবে সবই সাংবিধানিকভাবে হয়েছিল বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, ইন্দিরার দৃষ্টিকোণ থেকে ভাবলে দেখা যায়, তিনি তখন ক্রমশ খারাপ হতে থাকা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন। সনিয়া মনে করিয়ে দেন, ১৯৭৭ সালের মার্চে নির্বাচনের ডাক ইন্দিরা নিজেই দিয়েছিলেন এবং পরে প্রকাশ্যে বাড়াবাড়ির জন্য দুঃখও প্রকাশ করেছিলেন।
আরএসএস, বিজেপি ও সংঘ পরিবার নিয়েও প্রশ্ন ছিল। এন রামের প্রশ্ন ছিল, এই মৌলিক বিষয়ে কংগ্রেস কি আরএসএস-নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী শক্তি থেকে নিজেদের স্পষ্ট, ধারাবাহিক ও কার্যকরভাবে আলাদা করতে পেরেছে? সনিয়ার উত্তর, “অবশ্যই।” তিনি মানেন, দলের কিছু নেতা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এতটা সাদা-কালো অবস্থান নেওয়ার বিরোধী ছিলেন, তবে সেটি দলের অবস্থান নয়। নীতি ও কাজে ভয় ছাড়া ধর্মাচরণের সাংবিধানিক অধিকারের পাশেই কংগ্রেস অবিচল থেকেছে বলে তাঁর দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে, সনিয়া বলেন, মোদী আদর্শগতভাবে সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। তবে রাজনীতিতে সফল হওয়ার অনেক পথ আছে, যেমন কংগ্রেসের মধ্যেই ডঃ মনমোহন সিং এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আরএসএসের কাছ থেকে শেখার মতো কিছু আছে বলে তিনি মনে করেন না।
১৯৯৯ সালে শরদ পাওয়ার, পি এ সাংমা ও তারিক আনওয়ার তাঁর বিদেশি বংশোদ্ভূত হওয়ার প্রশ্ন তোলায় কতটা আঘাত পেয়েছিলেন, এ নিয়েও প্রশ্ন ছিল। সনিয়া বলেন, ওঁরা তাঁর সহকর্মী ছিলেন, তাঁর আস্থা ছিল ওঁদের উপর, কিন্তু ওঁদের আস্থা তিনি পাননি। তিনি তখন ইস্তফা দিয়েছিলেন, তবে আত্মসমীক্ষার পর বোঝেন, ব্যক্তিগত অনুভূতিকে বড় উদ্দেশ্যের পথে বাধা হতে দেওয়া যাবে না। ২০০৪-এ প্রধানমন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত নিয়ে অন্য সম্ভাবনা কখনও ভেবেছেন কি না, এই প্রশ্নে তিনি জানান, তা কখনও মনে আসেনি। সেই অভিজ্ঞতা মোটের উপর খুব ইতিবাচক ছিল। মনমোহন সরকার চালিয়েছেন, তিনি দল।
রাজনৈতিক আপসের কিছু উদাহরণ তাঁর কাছে চাওয়া হলে সনিয়া বলেন, রাজনীতিতে আপস কখনও কখনও অনিবার্য। কখনও কখনও এমন কিছু দলের সঙ্গে হাত মেলাতে হয়েছে, যাদের রাজনৈতিক আদর্শ কংগ্রেসের সঙ্গে মেলে না। তা কখনও তাঁর মন মেনে নেয়নি। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, বিজেপি ও আরএসএসের সঙ্গে কংগ্রেস কখনও আপস করেনি এবং করবেও না।
২০২৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতাচ্যুত হলে রাজনীতি ফের নীতি ও কর্মসূচির প্রতিযোগিতায় ফিরবে কি না, এই প্রশ্নে সনিয়া বলেন, মানুষ অস্থির হতে শুরু করেছে এবং ক্ষতি চিনতে শুরু করেছে। তিনি আশাবাদী, ভারতের মানুষ সুশাসনে ফেরাকে স্বাগত জানাবেন।
কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সনিয়া বলেন, তিনি অতটা হতাশাবাদী নন। তাঁর অভিযোগ, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস ও বিরোধী দলগুলির জন্য খেলার মাঠ সমান থাকেনি। সব প্রতিষ্ঠানের উপর, বিশেষ করে নির্বাচন কমিশনের উপর সরকারের ‘শ্বাসরোধী’ নিয়ন্ত্রণ, মূলধারার সংবাদমাধ্যমের উপর দখল, অর্থবল এবং ধর্মের অপব্যবহারের কথা তিনি উল্লেখ করেন। তবু কংগ্রেস লড়ছে এবং এগোচ্ছে বলে তাঁর দাবি। তাঁর মতে, সাম্প্রতিক মাসে প্রমাণিত হয়েছে, বহু নির্বাচন ‘চুরি’ হয়েছে এবং মানুষ এখন তা নিয়ে আরও সচেতন। সমমনা দলগুলির সঙ্গে কংগ্রেস কাজ করছে এবং সম্ভাবনা দিন দিন বাড়ছে বলে জানান তিনি।
প্রকাশক বদলের প্রশ্নও উঠেছিল। আগস্টের শেষে জানা গিয়েছিল, পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া আর বইটি প্রকাশ করবে না। সেপ্টেম্বরের গোড়ায় ১০ নভেম্বর প্রকাশের কথা ঘোষণা করে হার্পারকলিন্স ইন্ডিয়া। পাণ্ডুলিপি নিয়ে মতভেদ হয়েছিল কি না, লেখকের মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন জড়িত কি না, জানতে চাওয়া হলে সনিয়ার সংক্ষিপ্ত উত্তর, “এই বিতর্কে নিজেকে জড়াতে চাই না।”









