নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬: মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে এবার আলোচনায় উঠে এল ঝাড়গ্রামের সীমানায় বাঁকুড়ার হলুদকানালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নদশা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে ওই হাসপাতালের বর্তমান অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দা মধুসূদন মাহাতো। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি সফরকালে মুখ্যমন্ত্রীকে একবার হলুদকানালি হাসপাতাল পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন এবং তাঁর হাত ধরেই এই স্বাস্থ্যকেন্দ্রের দীর্ঘদিনের দুর্দশা কাটবে বলে আশা প্রকাশ করেছেন।
মধুসূদন মাহাতো তাঁর বক্তব্যে হাসপাতালটির অতীত ও বর্তমান অবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। তাঁর দাবি অনুযায়ী, একসময় ওই অঞ্চলের চারপাশে ১৫ থেকে ১৬ কিলোমিটারের মধ্যে কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবা ছিল না। স্থানীয় মানুষের চিকিৎসার প্রয়োজনে গত শতকের নব্বইয়ের দশকে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হয়েছিল হলুদকানালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আউটডোর, ১০ শয্যাবিশিষ্ট ইনডোর, ল্যাবরেটরি, স্টোর এবং কর্মীদের কোয়ার্টার— সব মিলিয়ে এলাকায় এটি ছিল সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিষেবা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মধুসূদনবাবুর বক্তব্য অনুযায়ী, চিকিৎসক, নার্স এবং গ্রুপ-ডি কর্মীদের চরম অপ্রতুলতার কারণে ধীরে ধীরে হাসপাতালের পরিষেবা ব্যাহত হতে শুরু করে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের শাসনকালে নতুন করে কোনও কর্মী নিয়োগ না হওয়ায় হাসপাতালটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এলাকার রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গও তাঁর পোস্টে উঠে এসেছে। তিনি উল্লেখ করেন, হলুদকানালি হাসপাতাল সংলগ্ন এলাকা মূলত কুড়মি অধ্যুষিত গ্রাম নিয়ে গঠিত। বিগত নির্বাচনে এলাকার কুড়মি সমাজসহ অন্যান্য বাসিন্দারা বিপুল সমর্থনে বিজেপিকে জয়ী করেছেন। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আবহে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে হলুদকানালি হাসপাতালের পরিকাঠামোগত সংস্কার এবং পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন মধুসূদন মাহাতো।









